
মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে উন্নয়নে কাজ করতে চান যুবনেতা রিপন আকাশ অপু
এইচ,এন কামরুল ইসলাম
মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ সমাজের পরিচিত মুখ ও যুবনেতা রিপন আকাশ অপু। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে উদ্যোগ নেওয়ার মাধ্যমে ইতোমধ্যে তিনি এলাকায় একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে তরুণদের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণে উৎসাহিত করতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।
রিপন আকাশ অপু জানান, মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। তিনি নির্বাচিত হলে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি, পরিচ্ছন্নতা কার্যক্রম ও নাগরিক সেবার মান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে জানান।
তিনি আরও বলেন, ওয়ার্ডের যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা হবে। পাশাপাশি অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে।
যুবনেতা রিপন আকাশ অপু বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ২ নম্বর ওয়ার্ডের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। নির্বাচিত হই বা না হই, মানুষের কল্যাণে কাজ করে যাবো।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্বের মাধ্যমে ২ নম্বর ওয়ার্ডে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।