এমজেএনের সাংগঠনিক কাঠামো বিলুপ্ত, এখন শুধুই সাংবাদিকদের ভার্চুয়াল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম
মাগুরা প্রতিনিধি:
মাগুরার সাংবাদিকদের সংগঠন মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক (এমজেএন)-এর বিদ্যমান সাংগঠনিক কাঠামো বিলুপ্ত করা হয়েছে। এখন থেকে সংগঠনটি কোনো সাংগঠনিক বা কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হবে না; বরং মাগুরার সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও নেটওয়ার্কিংয়ের একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম হিসেবে কার্যক্রম চালিয়ে যাবে।
সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতি এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এমজেএনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ছিল সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা। এ লক্ষ্যে অতীতে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ, গোলটেবিল বৈঠক, বিভিন্ন দিবস পালন, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করেছে এমজেএন।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমজেএন আর কোনো আনুষ্ঠানিক সাংগঠনিক কাঠামোর অধীনে পরিচালিত হবে না। সংগঠনটি মাগুরার কর্মরত ও পেশাজীবী সাংবাদিকদের জন্য একটি উন্মুক্ত যোগাযোগমাধ্যম হিসেবে থাকবে, যেখানে পেশাগত সহযোগিতা, তথ্য বিনিময় এবং সাংবাদিকদের মধ্যে সমন্বয় জোরদারে ভূমিকা পালন করা হবে।
এদিকে, পূর্বে ঘোষিত এমজেএনের নতুন সামাজিক সংগঠন গঠনের পরিকল্পনাও পৃথকভাবে এগিয়ে নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ‘ডায়ালগ ফর সোশ্যাল চেঞ্জ (ডিএসসি)’ নামে প্রস্তাবিত ওই সংগঠনটি শিক্ষা, মানবাধিকার, সুশাসন, পরিবেশ, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাগুরার সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে এমজেএন ভবিষ্যতেও তার ভূমিকা অব্যাহত রাখবে। সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন এই যাত্রায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে।