দায়িত্ব হস্তান্তরে ব্যতিক্রমী দৃশ্য,মাগুরায় একই মঞ্চে বিদায়ী ও নবনিযুক্ত জেলা প্রশাসক
এইচ.এন কামরুল ইসলাম
সাধারণত জেলা প্রশাসকদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের কার্যক্রম প্রশাসনিক আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে এবার মাগুরায় দেখা গেল কিছুটা ব্যতিক্রমী দৃশ্য। একই মঞ্চে উপস্থিত থেকে বিদায়ী জেলা প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) মাগুরা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোতাকাব্বীর আহমেদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবদুল্লাহ আল মাহমুদের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নবনিযুক্ত জেলা প্রশাসক। সভায় তিনি সরকারি দায়িত্ব পালনে সততা, আন্তরিকতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জনসেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সরকারি সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং নবনিযুক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান। বিদায়ী ও নবনিযুক্ত জেলা প্রশাসকের একই মঞ্চে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের এ দৃশ্য উপস্থিতদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।