সাংবাদিকদের মহা ঐক্যের মহানায়ক
অশ্রুসিক্ত নয়নে বিদায় মাগুরা মহম্মদপুর উপজেলার নির্বাহী অফিসার শাহানুর জামান-
এইচ এন কামরুল ইসলাম মাগুরা।
মাগুরার সাংবাদিক সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা বিভাজন, রেষারেষি ও সাংগঠনিক দূরত্বের মধ্যে মহম্মদপুর উপজেলায় সৃষ্টি হয়েছে এক ব্যতিক্রমী ও আশাব্যঞ্জক দৃষ্টান্ত। প্রেসক্লাব মহম্মদপুর এবং মাগুরা রিপোর্টার্স ইউনিটি, মহম্মদপুর উপজেলা শাখার মধ্যে গড়ে ওঠা সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্যের বন্ধন আজ অনেকের কাছেই অনুকরণীয় হয়ে উঠেছে।
একসময় শুধু মাগুরা জেলা নয়, দেশের বিভিন্ন স্থানেই প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মধ্যে মতপার্থক্য, বিভক্তি ও নেতৃত্বের দ্বন্দ্ব ছিল প্রকাশ্য। মাগুরার শালিখা, শ্রীপুর, মহম্মদপুরসহ বিভিন্ন উপজেলাও সেই রেষারেষির বাইরে ছিল না। কিন্তু সময়ের দাবি ও পেশাগত দায়িত্ববোধ থেকে মহম্মদপুরের সাংবাদিকরা বিভেদ ভুলে ঐক্যের পথে হাঁটার যে সাহসী উদ্যোগ নিয়েছেন, তা নিঃসন্দেহে একটি মহৎ ও যুগান্তকারী পদক্ষেপ।
বর্তমানে প্রেসক্লাব মহম্মদপুর ও মাগুরা রিপোর্টার্স ইউনিটি মহম্মদপুর উপজেলা শাখা একই টেবিলে, একই মঞ্চে বসে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও পেশাগত কার্যক্রম যৌথভাবে পরিচালনা করছে। সাংবাদিক সমাজের এমন সৌহার্দ্যপূর্ণ মিলন শুধু মহম্মদপুরবাসীর জন্য গর্বের নয়, বরং সমগ্র মাগুরার জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে।
এই ঐক্যের এক উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে মহম্মদপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মুহঃ শাহানুর জামান-এর বিদায়ী অনুষ্ঠানে। প্রেসক্লাব মহম্মদপুর ও মাগুরা রিপোর্টার্স ইউনিটি, মহম্মদপুর উপজেলা শাখা যৌথভাবে একই আয়োজনে তাঁকে সম্মাননা ও বিদায়ী শুভেচ্ছা জানায়। আবেগঘন সেই আয়োজন ছিল ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ। উপস্থিত সাংবাদিকদের অশ্রুসিক্ত নয়ন যেন সাক্ষ্য দিচ্ছিল,একজন দায়িত্বশীল, মানবিক ও সাংবাদিকবান্ধব প্রশাসনিক কর্মকর্তার প্রতি তাঁদের আন্তরিক ভালোবাসার।
উপজেলা নির্বাহী অফিসার শাহানুর জামান তাঁর দায়িত্বপালনের সময় সাংবাদিকদের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনসেবামূলক কার্যক্রমে তিনি ছিলেন এক নির্ভরতার নাম। তাঁর বিদায়ে মহম্মদপুরবাসী যেমন একজন দক্ষ প্রশাসককে হারালো, তেমনি সাংবাদিক সমাজ হারালো একজন শুভানুধ্যায়ী অভিভাবককে।
মহম্মদপুরের এই ঐক্যবদ্ধ উদ্যোগ নিঃসন্দেহে মাগুরা প্রেসক্লাব, মাগুরা রিপোর্টার্স ইউনিটি এবং জেলার অন্যান্য সাংবাদিক সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও অনুকরণীয় দৃষ্টান্ত। সত্যিই যদি আমরা বিবেকবান ও দায়িত্বশীল সাংবাদিক হয়ে থাকি, তবে বিভেদ, ব্যক্তিস্বার্থ ও অহমিকা ভুলে মহম্মদপুরের এই ঐক্যের মডেল থেকে শিক্ষা নিয়ে গোটা মাগুরার সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করে গড়ে তুলতে হবে।
সাংবাদিকতার মূল শক্তি ঐক্য, সত্যনিষ্ঠা ও পারস্পরিক সম্মান। সেই চেতনাকে ধারণ করেই এগিয়ে যাক মাগুরার সাংবাদিক সমাজ,এটাই আজ সময়ের দাবি।
সর্বোপরি, সকল সাংবাদিকের বিজয় হোক, ঐক্যের বিজয় হোক, সত্য ও ন্যায়ের বিজয় হোক,এটাই আমাদের প্রত্যাশা।